প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী শাহজালাল

ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী শাহজালাল
নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন নাগরিক সেবার অঙ্গীকার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ক্ষমতার মালিক নয়, জনগণের সেবক হিসেবে পিরোজপুর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চান সোনারগাঁয়ের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত উন্নয়ন, নিয়মিত অফিস, সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার এবং দল-মত নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে ‘আমার নির্বাচনী অঙ্গীকার’ শিরোনামে প্রকাশিত প্রতিশ্রুতিপত্রে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন শাহজালাল মিয়া। তিনি পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি।
অঙ্গীকারনামায় তিনি জানান, নির্বাচিত হলে সরকারি ছুটির দিন ছাড়া নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকবেন। উন্নয়ন বরাদ্দের অর্থের অপচয়, দুর্নীতি ও অনিয়ম বন্ধের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক বরাদ্দ বণ্টনে দলীয় প্রভাবমুক্ত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এ ছাড়া ধনী-গরিব, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা, মাদকমুক্ত ইউনিয়ন গঠন, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং আর্থিক সংকটে থাকা মানুষের চিকিৎসায় সহযোগিতার পরিকল্পনা রয়েছে তাঁর।
যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইউনিয়নের সড়ক দ্রুত সংস্কার এবং মেঘনা থেকে চৌরাস্তা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি চলাচলের পথ নিরাপদ ও নির্বিঘ্ন করার কথাও জানিয়েছেন তিনি।
শাহজালাল মিয়ার ভাষ্য, বড় বড় প্রতিশ্রুতি নয়, সততা, জবাবদিহি ও বাস্তব কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চান তিনি। এ জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন এই চেয়ারম্যান প্রার্থী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নয়া নারায়ণগঞ্জ